কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মো. নাহিদ খান নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কলাপাড়া উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম মুন্সির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত মো. নাহিদ খান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় নাহিদ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
tawhidit.top/