মাসুদ রানা, নওগাঁ সংবাদদাতা।।
নওগাঁয় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা কেন্দ্র। পত্নীতলা উপজেলা ছাড়াও পার্শবর্তী ধামইরহাট, সাপাহার, পোরশা ও মহাদেবপুর উপজেলার অনেক মানুষ এখানে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। ৫০শয্যা হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ খালিদ হাসান নাঈম।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এতে অংশ গ্রহন করেন।
তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। তাঁর উদ্যোগে প্রতিদিন হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোগীদের জন্য পরিচ্ছন্ন, সুন্দর ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ খালিদ হাসান নাঈম বলেন, একটি হাসপাতালের সেবার মান শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশও মানসম্মত স্বাস্থ্যসেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, হাসপাতালের জনবল সীমিত হলেও বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একজন কর্মীকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। বিভিন্নভাবে দায়িত্ব ভাগ করে নিয়ে হাসপাতালের কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) স্যারের সার্বিক সহযোগিতা ও আন্তরিক ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সবার সহযোগিতা থাকলে সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের পরিবেশের উন্নয়ন সম্ভব। এ উদ্যোগ অব্যাহত রাখতে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হাসপাতাল গড়ে তুলতে সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখুন।
tawhidit.top/