নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক শিক্ষায় শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকটের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, ৩৩টি বিদ্যালয়ে এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে অনেক শিক্ষককে নির্ধারিত সময়ের চেয়ে বেশি ক্লাস নিতে হচ্ছে। সাধারণত সপ্তাহে ১৫ থেকে ১৭টি ক্লাস নেওয়ার কথা থাকলেও শিক্ষক সংকটের কারণে অনেককে ২৫ থেকে ২৭টি ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠ্যসূচি যথাসময়ে শেষ করা কঠিন হয়ে পড়ছে। পর্যাপ্ত পাঠদান না পাওয়ায় শিক্ষার্থীদের একটি অংশ কোচিং সেন্টার ও ইউটিউবের পাঠের ওপর নির্ভর করছে।
বিদ্যালয়ভিত্তিক তথ্যে দেখা গেছে, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানসহ কয়েকটি পদ শূন্য রয়েছে। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি। হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডেমিতে আইসিটি এবং চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই।
চাকামইয়া বেতমোর, নূর মোহাম্মদ, মধ্যটিয়াখালী এ কে এইচ এম, লালুয়া জনতা, উত্তর লালুয়া ইউসি, পূর্ব মধুখালী, লালুয়া এস কে জে বি ও তোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক সংকট রয়েছে। এসব প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান, কৃষিশিক্ষা ও চারু ও কারুকলা বিষয়ের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক এবং ল্যাব অপারেটরের পদও শূন্য।
এ ছাড়া পাখিমারা প্রফুল্ল ভৌমিক, ফরিদগঞ্জ, মেনহাজপুর হাক্কানী, পাটুয়া আল আমিন, মহিপুর কে-অপারেটিভ, ফাতেমা হাই, মুসল্লীয়াবাদ একে, আলহাজ্ব আবু হানিফ খান, লোন্দা হাফিজ উদ্দিন, পাঁচজুনিয়া ধানখালী, ধানখালী এস এইচ অ্যান্ড আশরাফ একাডেমি, ধানখালী গাজী এ মান্নান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিশু পল্লী একাডেমি, তুলাতুলি, ধুলাসার, চরচাপলি ইসলামিয়া, হাজিপুর ও ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়েও বিভিন্ন বিষয়ে শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও খালি।
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একজন শিক্ষককে একাধিক শ্রেণিতে পাঠদান ও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করা ব্যাহত হচ্ছে।
অভিভাবক ও প্রভাষক আবু তালেব ইভান বলেন, প্রতিটি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া সরকারের দায়িত্ব। পাশাপাশি শিক্ষকদের প্রাইভেট ও কোচিংনির্ভরতা কমাতেও সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। অষ্টম নিবন্ধনের জন্য শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য পদগুলোতে শিক্ষক পাওয়া যাবে বলে আশা করছি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। প্রতিষ্ঠানপ্রধান না থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। সেখান থেকেও প্রতিষ্ঠানপ্রধান পাওয়া যাবে।
সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে দ্রুত শূন্য পদগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করে বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল করার উদ্যোগ নিতে হবে।
tawhidit.top/