নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় আল-আমিন অটোর সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করাহয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এনামুল (২৮) ও মো. সাইফুল ইসলাম (২৩)। এনামুলের পিতার নাম মো. ফোরকান শিকদার এবং সাইফুল ইসলামের পিতা কামাল আকন।
কলাপাড়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থানার এসআই মো. ফোরকান মিয়ার নেতৃত্বে এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. হুমায়ুন কবির সুমনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই যুবককে আটক করে তাদের দখল থেকে ৪৫ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
tawhidit.top/