নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দুটি অভিযানে ৪৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রবিউল মোড়লের কাছ থেকে নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার ধানখালী ও লালুয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর লালুয়া ইউনিয়নের ১২ নম্বর আবাসনের (হাসনাপাড়া) চৌকিদার নুরুজ্জামানের ঘরের পেছনে পূর্ব পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ মো. লাভিন ওরফে লামিম মাঝি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটের দিকে ধানখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পেছনে খাসপুকুরপাড় সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মো. রবিউল মোড়ল (৩৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রবিউল মোড়ল ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা। অপর গ্রেপ্তার লামিম মাঝি লালুয়া ইউনিয়নের ১২ নম্বর আবাসনের বি-৯০ নম্বর ঘরের বাসিন্দা।
পুলিশ জানায়, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী কলাপাড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে রবিউল মোড়লের বিরুদ্ধে মামলা নম্বর ১৯ এবং লামিম মাঝির বিরুদ্ধে মামলা নম্বর ১৮। উভয় মামলার তারিখ ১৪ নভেম্বর ২০২৬।
tawhidit.top/