Loading ...
  • Tue, 17 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

যানজটে নাকাল গাজীপুরবাসী, কর্মঘণ্টা নষ্টসহ চরম দুর্ভোগে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষ

সৈয়দ মোহাম্মদ কায়সার,সফিপুর গাজীপুর,সংবাদদাতা।। / ৮৪
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

সৈয়দ মোহাম্মদ কায়সার,সফিপুর(গাজীপুর) সংবাদদাতা।।

গাজীপুর নগরীতে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ গাজীপুর চৌরাস্তা মোড়সহ বিভিন্ন ব্যস্ত সড়কে দীর্ঘ সময় যানবাহনের জট লেগে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে গার্মেন্টস শ্রমিক, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

সরেজমিনে দেখা গেছে, নগরীর ব্যস্ত সড়কগুলোতে প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক অটোরিকশা নিয়মনীতি না মেনে সড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ছাড়া নিবন্ধনবিহীন অটোরিকশার অবাধ চলাচলও যানজটের অন্যতম কারণ বলে অভিযোগ করছেন নগরবাসী।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতেও যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে।
ভোগান্তির শিকার যাত্রীরা জানান, অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের ওপর অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং মূল সড়কে অবৈধ যানবাহনের চলাচলের কারণে যানজট বাড়ছে। এতে নির্ধারিত সময়ে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকেই। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। অবৈধ ও নিবন্ধনবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

গাজীপুর নগরীর ক্রমবর্ধমান যানজট থেকে জনসাধারণকে মুক্তি দিতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/