Loading ...
  • Tue, 17 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

ডালবুগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা

নিউজ রুম / ৬১
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে—চলো যাই গ্রাম আদালতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লাহ জিহাদীর সভাপতিত্বে এবং পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সিয়ামুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী রাশেদ খান।
এ সময় বক্তব্য দেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, ইউপি সদস্য মো. জসিম ফরাজী, মো. বাবুল গাজী ও আলাউদ্দিন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনপদে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি সহজ ও কার্যকর বিচারিক ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো গেলে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে এ সেবা গ্রহণ করতে পারবেন।
তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/