Loading ...
  • Mon, 16 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

বলাৎকারের অভিযোগে সালিশ, বিএনপি নেতার বিরুদ্ধে জেলেকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ১০৮
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে বলাৎকারের অভিযোগ তুলে সালিশের নামে এক জেলেকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানা ও ১০ বেত্রাঘাতের সিদ্ধান্ত দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুস সালাম ওই গ্রামের বাসিন্দা ও মৃত গিয়াসউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে।

ভুক্তভোগীর অভিযোগ, শনিবার রাতে স্থানীয় সজিব, রাব্বি, ঈসা, জাহিদ ও মো. সজিবসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে মারধর করেন। পরে ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদারসহ কয়েকজন তাকে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ৫ হাজার টাকা জরিমানা ও ১০ বেত্রাঘাতের সিদ্ধান্ত দেওয়া হয়। একপর্যায়ে দেলোয়ার গাজী লাঠি দিয়ে পিটিয়ে তার ডান হাতের একটি আঙুলে গুরুতর জখম করেন। বিএনপি নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সালিশ করেছেন বলে তিনি দাবি করেন।

আব্দুস সালাম বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের কোনো কাজ করিনি। মিথ্যা অভিযোগে তারা আমার ওপর অবিচার করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ছেলেটির বাবা কবির খান, মা শহরভানু ও খালা শাহভানু জানান, এ বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। বিএনপি কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে পেরেছেন। এ নিয়ে তাদের কোনো অভিযোগও ছিল না।

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজী সালিশ ও বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে এভাবে সালিশ করার এখতিয়ার তাদের রয়েছে কি না, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি লোকজনের মধ্যে আছি, কিছুক্ষণ পর আপনাকে ফোন দিচ্ছি।’ এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর যোগাযোগ করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি জরুরি বিষয় নিয়ে মিটিংয়ে আছি। অফিসে আসেন।’


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/