বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁ সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড় এলাকায় ফাত্তা ইসলামের অটোরিকশা চার্জিং গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে অবস্থানরত মালিকের ভাইকে রশি দিয়ে বেঁধে রেখে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেন।
পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে শাহজাহান নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাঘাটা থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার বাসিন্দা মনোয়ার হোসেন মিন্টু (৩৫), পিতা মৃত আব্দুল মমিন এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছবাড়ি গ্রামের আমিনুর (৪৫), পিতা আব্দুল খালেক।
পুলিশের দাবি, গ্রেপ্তার আমিনুরের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হ্যাকসো ব্লেড, একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি একধারবিশিষ্ট স্টিলের ফলাযুক্ত প্লাস্টিকের হাতলওয়ালা ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং একটি রশি।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
tawhidit.top/