Loading ...
  • Mon, 16 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় চোরের দৌরাত্ম্য, বাদ যাচ্ছে না ঠাকুরের মূর্তিও! সিসিটিভিতে ধরা পড়ছে চোর, তবুও মিলছে না প্রতিকার

কলাপাড়া প্রতিনিধি। / ৯৩
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাধারণ মানুষ। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় চুরির ঘটনা। বসতঘর থেকে মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না হিন্দু ধর্মাবলম্বীদের পূজার ঠাকুরের মূর্তিও। চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরায় চোরের ছবি ও গতিবিধি স্পষ্ট ধরা পড়লেও চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের মধ্যে। তাঁদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও অনীহা দেখানো হচ্ছে।
সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কলাপাড়া পৌর শহরের পশু হাসপাতাল এলাকায় অ্যাডভোকেট সালামের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরের ছবি ও চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দিনদুপুরে এভাবে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চুরির শিকার গণমাধ্যমকর্মী নীল রতন কুন্ড নিলয় জানান, গত ২০ অক্টোবর মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের নবমী পূজার দিন দুপুর ২টার দিকে কলাপাড়া পৌর শহরের জগন্নাথ আখড়াবাড়িতে তাঁর বসবাসরত টিনের ঘরের জানালা ভেঙে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘট, ঘটের ছড়া, কাঁসর, ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র।
ঘটনার পর স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা যায়, চার সদস্যের একটি চোরচক্র অটোরিকশা ব্যবহার করে এসব সামগ্রী নিয়ে যায়। ঘটনার দিন রাতেই তিনি কলাপাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং লিখিত অভিযোগ দিতে চান। এ সময় পুলিশকে চুরির ভিডিও ফুটেজ ও ছবি সরবরাহ করা হয়। তবে লিখিত অভিযোগ গ্রহণ না করে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) একাধিক পুলিশ কর্মকর্তা তাঁর বাসায় গিয়ে ঘটনাটি তদন্ত করেন। কিন্তু এখন পর্যন্ত চোরচক্র শনাক্ত কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধারের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বরং এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিভিন্ন টালবাহানা ও অনীহা দেখানো হচ্ছে বলে অভিযোগ নিলয়ের।
আরেক ভুক্তভোগী অ্যাডভোকেট সালাম বলেন, তাঁর বাসায় চুরির ঘটনা এবং চোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অনেকেই মন্তব্য ও শেয়ার করেছেন। এরপরও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। লিখিত অভিযোগের নামে প্রশাসনের এমন অনীহা চোরদের উৎসাহিত করার শামিল বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, শুধু অভিযোগের অপেক্ষায় না থেকে প্রশাসনের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ থাকলে চুরি এবং চোরের দৌরাত্ম্য অনেকাংশে কমানো সম্ভব।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে জগন্নাথ আখড়াবাড়িতে ঠাকুরঘরে চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

এদিকে একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন কলাপাড়ার বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে চোরচক্র শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/