Loading ...
  • Tue, 17 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক কুতুবউদ্দিন, কৃতী শিক্ষার্থী আসিফকে সংবর্ধনা

কলাপাড়া প্রতিনিধি। / ৪৪
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা জিসান হায়দার আলমগীর, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, সহসভাপতি মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন খলিফা, দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার তিশা এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহানা আফরিন প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. আনোয়ার হোসেন মুন্সি, কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, সহসভাপতি আল এমরান হারুন ও মাহাবুব উল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন ও নুরুল হক। এ ছাড়া ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক এস এম আবু বকর সিদ্দিক ও মো. মুজিবুর রহমান। অনুষ্ঠান শেষে সংবর্ধিত গুণী শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার। একই বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসিফ এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেন।
সংবর্ধিত গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এ কৃতিত্ব আমার একার নয়, আমার বিদ্যালয়-সংশ্লিষ্ট সকলেই এর অংশীদার।” তিনি বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, “গুণী শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার আমাদের কলাপাড়া উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।”
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার বলেন, “আজকের মতো এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান যেন বারবার আয়োজন করা যায়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি মো. মনিরুজ্জামান খান বলেন, গুণী শিক্ষক নির্বাচনের জাতীয় স্টিয়ারিং কমিটির সব সদস্য এবং উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট সদস্যদের বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, “গুণীদের কদর না করলে এবং তাঁদের প্রাপ্য মর্যাদা না দিলে গুণী মানুষের জন্ম হয় না।” এ সময় তিনি শিক্ষক সমিতির সভাপতি, কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “এই অজপাড়াগাঁয়ের একজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, এটি অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষক একজন মোমবাতির মতো, যিনি সমাজে আলো ছড়িয়ে দেন। তাঁর আলোতে অন্যরা আলোকিত হয়।” তিনি বিদ্যালয়টিকে আরও আলোকিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/