Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

শহুরে ব্যস্ততা পেছনে ফেলে ফাতরার বনে আনন্দ-উচ্ছ্বাসে বনভোজন, একদিনের মিলনমেলায় প্রায় একশত মানুষ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৭৩
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।

শহরের চেনা ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ আর প্রতিদিনের একঘেয়েমি পেছনে ফেলে প্রকৃতির সান্নিধ্যে একদিনের আনন্দে বনভোজনে মেতে উঠলেন নানা শ্রেণি-পেশার মানুষ। হাসি-আড্ডা, খাওয়া-দাওয়া আর ঘোরাঘুরিতে মুখর হয়ে উঠল সুন্দরবনের পূর্বাঞ্চলীয় বনভূমি ফাতরার চর। পটুয়াখালীর কলাপাড়ার মহিলাডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আসলাম শিকদারের উদ্যোগে এবং নতুনবাজারের আয়োজনে এ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) তালতলীর ফাতরার চরে আয়োজিত এ বনভোজনে আসলাম শিকদার ও আরিফ সিকদারের প্রিয়জন, আপনজন, বন্ধু-বান্ধব, শিক্ষক, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, আইনজীবী, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় একশত মানুষ অংশগ্রহণ করেন।

বনভোজন উপলক্ষে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বনভোজনে অংশগ্রহণকারীরা সকালে কলাপাড়া পৌরশহরের ইসামুন্সীর ট্রলারঘাট থেকে একটি স্টিলবডি ট্রলারে যাত্রা শুরু করেন। সোনাতলা নদীর মনোরম জলপথ পেরিয়ে হাজীপুর ব্রিজের নিচে কিছুক্ষণ যাত্রাবিরতি করেন তাঁরা। সেখানে সকালের নাশতা শেষে আবারও শুরু হয় ফাতরার চরের উদ্দেশে যাত্রা। বেলা সাড়ে ১০ টার দিকে গন্তব্যে পৌঁছান পিকনিক দল।

এরপর প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে শুরু হয় দিনব্যাপী আনন্দ-উৎসব। পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময়, গল্প-আড্ডা, হাসি-আনন্দ আর একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন একটি দিন যেন সবাইকে ফিরিয়ে দেয় নির্মল আনন্দের স্বাদ। দিনব্যাপী আয়োজন শেষে বিকেলে আবারও কলাপাড়ার উদ্দেশে যাত্রা করেন সবাই।

আয়োজক ও মহিলাডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আসলাম শিকদার বলেন, “গত ৩০ বছর ধরে আমি এ বনভোজনের আয়োজন করে আসছি। প্রতিবছরই ভিন্ন ভিন্ন জায়গাকে বনভোজনের স্পট হিসেবে বেছে নেওয়া হয়। এবার ফাতরার চরকে নির্বাচন করেছি। মূলত শহুরে ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি নিয়ে সবাই মিলে আনন্দময় সময় কাটানো এবং মানসিক প্রশান্তি পাওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।

অংশগ্রহণকারীদের জন্য সকালে নাশতা, দুপুরের খাবার এবং ফেরার পথে আবারও নাশতার ব্যবস্থা রাখা হয়।
দীর্ঘ ৩০ বছরের এ আয়োজন যেন কেবল একটি বনভোজন নয়, বরং প্রিয়জনদের এক সুতোয় বাঁধার এক আনন্দময় উপলক্ষ। বছর ঘুরে এমন একটি দিনের অপেক্ষায় থাকেন অনেকেই।

প্রকৃতির সবুজে ঘেরা ফাতরার চরে দিনভর আনন্দ-আড্ডা আর স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় এবারের বনভোজন।


এ ক্যাটাগরির আরো নিউজ