বিশেষ প্রতিনিধি — এম. নজরুল ইসলাম খান
“ভয় নয়, আনন্দই শিক্ষা—দক্ষ শিক্ষক, সুন্দর শ্রেণিকক্ষ ও শিশুবান্ধব বিদ্যালয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বন্দর থানার চান্দারপাড়া, আনন্দবাজার রোডস্থ চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ও পরিচালক হিসেবে সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, শিক্ষক নেতা এম. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) চেয়ারম্যান সাংবাদিক মো. খলিলুর রহমান এবং উদ্বোধক ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশনের (কেয়া) মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিক। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।
দুই পর্বের প্রশিক্ষণে দক্ষ শিক্ষকের গুণাবলি, শিশুমনস্তত্ত্ব, আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, বিদ্যালয় পরিচালনা, নিবন্ধন ও দাপ্তরিক নিয়মকানুন, আইপিইএমআইএসসহ ডিজিটাল কার্যক্রম এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রশিক্ষণ পরিচালক এম. নজরুল ইসলাম খান বলেন, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন, সৃজনশীলতা বিকাশ এবং পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। পাঠদানকে আরও কার্যকর, আনন্দময় ও শিক্ষার্থীকেন্দ্রিক করাই এর মূল উদ্দেশ্য।
অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভীতিমুক্ত ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।