মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।।
ফরিদপুরের মধুখালীতে সামাজিক যোগাযোগমাধ্যমের এসটিভি নামক একটি ফেসবুক পেজে নিজের বিরুদ্ধে প্রচারিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সভাপতি কে.এম. রকিবুল ইসলাম রিপন।
গত ২০ নভেম্বর শুক্রবার রাতে মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে রিপন অভিযোগ করেন, দীর্ঘ ২৮ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। সম্প্রতি তাঁর বক্তব্য না নিয়ে উচ্চ আদালতের জামিনসংক্রান্ত বিষয় এবং পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এসটিভি নামের একটি অনিবন্ধিত ফেসবুক পেজে একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে।
তিনি বলেন, পারিবারিক বিরোধের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। অথচ সংবাদ প্রচারের ক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্য কিংবা সালিশে উপস্থিত ব্যক্তিদের মতামত নেওয়া হয়নি। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
রিপন আরও বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার দায়িত্ব। তিনি আইন, গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসটিভি নামের ফেসবুক পেজটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং বয়কটের আহ্বান জানান তিনি। একই সঙ্গে শুকতারা টিভি নামের ফেসবুক পেজটিও বয়কটের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে, এসটিভি পেজের সাংবাদিক পরিচয়দানকারী রাকিবুল হাসান মিঠু বলেন, ভুক্তভোগীর সাক্ষাৎকারের ভিত্তিতেই তিনি তাঁর পেজে সংবাদ প্রচার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।