কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বানাতীপাড়া মৌজায় ১২ দশমিক ৬০ একর জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে ১৯৬১-৬২ সালের একটি নামজারি মামলা জালিয়াতির মাধ্যমে লিপিবদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলাটি বাতিলের দাবিতে সহকারী কমিশনার (ভূমি) আদালতে আবেদন করেছেন জমির দাবিদার শাহজাহান হাওলাদার ও মো. আলতাফ হোসেন প্যাদা।
আবেদনকারীদের দাবি, এসএ ২৯ ও ৯৪ নম্বর খতিয়ানের এসব জমি তাঁদের পূর্বপুরুষদের রেকর্ডীয় সম্পত্তি। দীর্ঘদিন ধরে তাঁরা জমিগুলো ভোগদখল করে আসছেন। সেখানে ২০টিরও বেশি বসতঘর রয়েছে। সরকারি খাজনা পরিশোধ ও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ গ্রহণের তথ্যও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তাঁদের অভিযোগ, আঃ খালেক হাওলাদারের নামে ৩৯২/১৯৬১-৬২ নম্বরের একটি নামজারি মামলা সম্প্রতি বালামে লিপিবদ্ধ করা হয়েছে। তবে নয়াকাটা ভূমি অফিস ও জেলা প্রশাসকের রেকর্ড রুমে ওই মামলার কোনো নথি পাওয়া যায়নি বলে দাবি করেন তাঁরা।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে অভিযুক্ত আঃ খালেক হাওলাদার ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন অভিযোগকারীরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো জালিয়াতি হলে ছাড় দেওয়া হবে না।”
তবে অভিযোগের বিষয়ে আঃ খালেক হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।