নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া হোটেল রুসাইবার সংলগ্ন মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুহাসনাত রিমন শিকদার।
কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি নিজ নামে ১০০ টাকার বিনিময়ে একটি কার্ড সংগ্রহ করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত কার্ডধারীরা প্রতি মাসে কোম্পানির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ২০০ মিলিলিটার সরিষার তেল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম লিকুইড ভিম, এক বক্স কয়েল, ১০০ গ্রাম টুথপেস্ট, ১ কেজি মসুর ডাল ও একটি বাটি সহ মোট ১৩ ধরনের পন্য কেনার সুযোগ পাবেন।
মো. আবুহাসনাত রিমন শিকদার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হতে হচ্ছে। মানুষের এই দুর্ভোগ কিছুটা লাঘব করার চিন্তা এবং সেবার মানসিকতা থেকেই শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি তাঁর মাধ্যমে কলাপাড়া পৌরবাসীর কাছে এ সুবিধা পৌঁছে দিচ্ছে। এতে উল্লিখিত পণ্যগুলোর মোট দাম হবে ২৫০০ টাকা। এ পণ্যগুলোই একজন ব্যক্তি যদি বাজার থেকে কিনতে যায় তবে অন্তত এক হাজার থেকে ১২ টাকা বেশি প্রয়োজন হবে।
তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন কার্ডধারীর মধ্যে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের নিত্যদিনের বাজার খরচে কিছুটা স্বস্তি আসবে এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ তৈরি হবে।