সঞ্জু বনিক সৌরভ জেলা সংবাদদাতা।।
উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশা ও হিমেল বাতাসে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ছে। ভোরে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন দিনমজুর ও রিকশাচালকসহ শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাঁদের।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।