নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।।
‘দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলাপাড়া শহীদ মিনার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার, জেল-জুলুম, হামলা-মামলা ও দুর্নীতির অভিযোগ তুলে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের এক মুহূর্তও শান্তিতে থাকতে দেওয়া হয়নি। এখনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ফুচকা-টুচকা, আগুন সন্ত্রাস—এসব বাদ দেন। কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে আর পাঙ্গাশিয়ার জঙ্গলে গিয়ে মিছিল করে প্রচার করবেন, আপা আসছেন—এগুলো হাস্যকর। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছেন, তিনি আর কখনো ফিরে আসবেন না। তাই অশান্তি সৃষ্টি করবেন না। বিএনপি এসব মেনে নেবে না। শান্তিতে থাকুন।” তিনি আরও বলেন, গত নয় মাসে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো হামলা-মামলা করা হয়নি। যা হয়েছে, তা ইউনূস সরকার করেছে বলে তিনি দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই।”
এ সময় তিনি কলাপাড়া ও রাঙ্গাবালীর গত নয় মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। ভবিষ্যতে কলাপাড়াকে সুখী, সমৃদ্ধ ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় কলাপাড়া ও রাঙ্গাবালীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কলাপাড়া ও রাঙ্গাবালীতে উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে একটি সুন্দর জনপদ উপহার দিতে চান।
সমাবেশের শেষ পর্যায়ে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির সব নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে ওই দিন সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে স্থলে যোগদান করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাডঃ খন্দকার নাসির উদ্দিন ও তারেক আনাম সুমন, সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি।