সঞ্জু বনিক সৌরভ,জেলা সংবাদদাতা , পঞ্চগড়।।
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই শ্রমিক সংগঠনের বিরোধে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে বন্দরে আটকে থাকা পাথরবাহী ট্রাক চলাচল শুরু হয়। একই সঙ্গে লোড-আনলোড কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।
জানা গেছে, পাথর লোডিংয়ের পদ্ধতি ও কাজের নিয়ন্ত্রণ নিয়ে স্থলবন্দর শ্রমিক সংগঠন এবং তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে গত পাঁচ দিন পাথর লোডিং বন্ধ ছিল। এতে বন্দরে আটকে পড়ে বেশ কয়েকটি পাথরবাহী ট্রাক।
বুধবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং দুই শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর সাময়িক সমঝোতার ভিত্তিতে পরিস্থিতি শান্ত হয় এবং বিকেল থেকে কার্যক্রম শুরু হয়।
স্থলবন্দর শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম দাবি করেন, তাঁদের শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বন্দরে লোড-আনলোডের কাজ করে আসছেন। সাম্প্রতিক বিরোধের কারণে শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন।
অন্যদিকে, তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, পাথর লোডিংয়ের পদ্ধতি ও পেলোডার ব্যবহারের বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাদের মধ্যস্থতায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
পাথর আমদানিকারক আব্দুল আল মামুন জানান, ভারত ও ভুটান থেকে আমদানি করা পাথর লোডিং বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত সমস্যার সমাধান করা হয়েছে। বিরোধের স্থায়ী সমাধানেও উদ্যোগ নেওয়া হবে।
পাঁচ দিনের অচলাবস্থা কাটিয়ে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দুই সংগঠনের বিরোধের স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।