সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অব্যাহত রয়েছে।
আজ গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলার করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ কয়েকটি ইউনিটের নেতাকর্মী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা জয়নাব বিনতে হোসেন সমাধিসৌধ কমপ্লেক্সে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
গত ১৬ নভেম্বর থেকে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় আজও কর্মসূচি পালন করা হয়।
শ্রদ্ধা জানাতে আসা সাধারণ নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন নিষিদ্ধ করা হয়নি। দীর্ঘদিনের বাধা ও ভীতি উপেক্ষা করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই তাঁরা সমাধিতে আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন বলে দাবি করেন তাঁরা।