বরিশাল প্রতিনিধি।।
বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, মামলার জট কমানো এবং বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। তিনি বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি যথাসময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা, প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং দ্রুত বিচারকাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করতে বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
tawhidit.top/