মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।।
ফরিদপুরের মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের চাষাবাদ। গত কয়েক বছর ধরে আগাম পেঁয়াজ চাষ করে লাভবান হওয়ায় এবারও মৌসুমের শুরুতেই মাঠে নেমেছেন উপজেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকলে এবারও ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, আগাম হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত পেঁয়াজ রোপণের কাজে।
পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত ফরিদপুর জেলার সালথা, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা। এসব এলাকায় দীর্ঘদিন ধরে পেঁয়াজের আবাদ হয়ে আসছে। তবে কয়েক বছর ধরে মধুখালী উপজেলাতেও আগাম হালি পেঁয়াজ চাষের প্রসার ঘটেছে। এ পদ্ধতিতে চাষ করে ইতোমধ্যে লাভবান হয়েছেন অনেক কৃষক।
এরই ধারাবাহিকতায় এবারও আগাম পেঁয়াজ চাষ শুরু করেছেন উপজেলার হাটঘাটা গ্রামের কৃষক মো. ফরিদ শেখ। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে তিনি অনেকটাই স্বাবলম্বী হয়েছেন।
উপজেলার রায়পুর, ডুমাইন, মেগচামী, জাহাপুর ও কোড়কদী ইউনিয়নের মাঠগুলো পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী। এসব এলাকায় দিন দিন পেঁয়াজের আবাদ বাড়ছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী বলেন, সাধারণত শীত পুরোপুরি শুরু হলে পেঁয়াজের চাষাবাদ শুরু হয়। তবে মধুখালীর কিছু কৃষক কয়েক বছর ধরে আগাম পেঁয়াজ চাষ করে ভালো ফলন ও লাভ পেয়েছেন। এবারও হালকা শীত শুরু হওয়ায় আগাম পেঁয়াজের ফলন ভালো হওয়ার আশা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর উপজেলায় পেঁয়াজের আবাদ কিছুটা কম হতে পারে। কারণ, গত বছর পেঁয়াজ চাষ করে অনেক কৃষক আশানুরূপ লাভ করতে পারেননি। ফলে এবার অনেক কৃষক পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারেন। চলতি মৌসুমে উপজেলায় মোট ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
tawhidit.top/