Loading ...
  • Mon, 16 Nov 2026, 05:51 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা তরুণীর আদালতে মামলা

নিত্যকন্ঠ অনলাইন ডেস্ক।। / ১২৫
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিত্যকন্ঠ অনলাইন ডেস্ক।।

পটুয়াখালীর কুয়াকাটায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে ২১ বছর বয়সী এক যুবক ও তাঁর পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। মামলার এজাহারে ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত যুবকের বাবা ও চাচাকেও মামলায় আসামি করা হয়েছে। তাঁর চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মো. মনিরুল ইসলাম বেল্লাল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী লিমা বেগম কুয়াকাটার আজিমপুর গ্রামের বাসিন্দা। গত ৫ মে লতাচাপলী ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকায় তাঁর বাবার বসতঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, অভিযুক্ত নাসিম হাওলাদার (২১) বিয়ের প্রতিশ্রুতি ও ভয়ভীতি দেখিয়ে লিমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ করেন ওই তরুণী। পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে চাপ দেওয়া হলেও নাসিম ও তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। তবে সেই উদ্যোগ সফল হয়নি। গত ৩০ অক্টোবর মহিপুর থানায় মামলা করতে গেলে তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।
মামলায় অভিযুক্ত যুবকের বাবা শামীম হাওলাদার ও চাচা মো. মনিরুল ইসলাম বেল্লালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরা বিষয়টি জানার পরও সমাধানের উদ্যোগ না নিয়ে আড়াল করার চেষ্টা করেছেন। এমনকি নাসিমকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এজাহারে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী তরুণীর বাবা আবদুল কাদের বলেন, দুই পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হয়েছিল। সেখানে নাসিমের পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন তারা বিয়ে করতে রাজি হচ্ছে না। বরং নাসিমকে গোপনে বিদেশে পাঠানোর চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, বরগুনা জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম বেল্লাল নিজের প্রভাব খাটিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম বেল্লাল বলেন, দুই পরিবার মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিল। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের নামে জমিসহ বিভিন্ন সুবিধা দাবি করায় বিষয়টি অমীমাংসিত রয়েছে। তিনি চাকরির কারণে বরগুনায় অবস্থান করেন এবং এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, মামলার অভিযোগগুলো আদালতে বিচারাধীন। অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
তথ্যসূত্র : সাগর কন্যা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/