Loading ...
  • Fri, 23 Oct 2026, 01:17 am
আবহাওয়া ব্যানার

মধুখালীতে কৃষকের ৮০ মণ পাট চুরির অভিযোগ, সালিশে অভিযুক্তরা অনুপস্থিত

মফিজুর রহমান মুবিন,মধুখালি সংবাদ দাতা। / ৪২
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে কৃষক মোস্তফা কামালের একটি ভবনের কক্ষ থেকে আনুমানিক ৮০ মণ পাট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শামিম শেখ (২৫) ও মো. জাহিদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় মধুখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী কৃষক মোস্তফা কামালের অভিযোগ, পাটের মৌসুম শেষ হওয়ার পর প্রায় তিন-চার মাস আগে তিনি বাড়ির পাশের একটি ভবনের একটি কক্ষে আনুমানিক ৮০ মণ পাট সংরক্ষণ করে রাখেন। পরে পাটের দাম বাড়লে বিক্রি করার আশায় কক্ষটির দরজায় তালা লাগিয়ে রাখেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে কক্ষটি খুলে তিনি পাটগুলো ঠিকঠাক অবস্থায় দেখতে পান। পরে গত ১৪ অক্টোবর দুপুরে জমিতে ব্যবহারের জন্য সার ও কীটনাশক রাখতে ওই কক্ষে গেলে দেখতে পান, সেখানে মাত্র এক মণের মতো পাট রয়েছে। বাকি পাটের কোনো সন্ধান না পেয়ে তিনি বিভিন্নভাবে খোঁজখবর নিতে শুরু করেন।

ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে পাট চুরির বিষয়ে কিছু তথ্য-প্রমাণ পান তিনি। এ ঘটনায় মো. শামিম শেখ (২৫), পিতা মো. দেলোয়ার হোসেন খাঁ এবং মো. জাহিদ মিয়া, পিতা মৃত মোজাম মাতুব্বর—উভয়ের বাড়ি হাটঘাটা গ্রামে—অভিযুক্ত হিসেবে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, পাট চুরির অভিযোগ নিয়ে গত ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে হাটঘাটা গ্রামের মরহুম কাজী ফজলুল হক চেয়ারম্যানের বাড়িতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন। তবে বৈঠকে অভিযুক্তরা কেউ উপস্থিত হননি বলে জানা গেছে। পরে বৈঠকে তাঁদের বিরুদ্ধে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনায় মো. কানাই শেখ (৫০) ও মো. সজিব শেখ (২০), উভয়ের বাড়ি হাটঘাটা গ্রামে, সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া যে ভ্যানে করে পাট নিয়ে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, সেই ভ্যানচালক মো. মোমরেজ খাঁ (২৫) এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সালিশি বৈঠকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে কাজী সিদ্দিকুর রহমান, মো. আবু হক মিয়া, মো. কাজী হাফিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মিয়া,মোঃ ইলিয়াস মিয়া, মো. তোকাব্বর মিয়া, মো. আব্দুল হাই মিয়া, মো. সিরাজ মিয়া, মো. হুমায়ুন মিয়া ও মো. আজম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/