কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের সঙ্গে ঘুঘু ও বক পাখির মাংস দিয়ে পার্টির আয়োজনের সময় তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩) নামের দুই যুবককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ দুই যুবককে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
এসময় কলাপাড়া বনবিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম ও অ্যানিমেল লাভার্স পটুয়াখালী টিমের’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, বিকালে তানজিল ও সাইমুন নামের দুই যুবক পৌর শহরের বিভিন্ন স্থান থেকে এয়ারগানের মাধ্যমে ৫ টি তিলা ঘুঘু ও একটি বক পাখি হত্যা করে। পরে সন্ধ্যায় তারা মাদকের সঙ্গে এসব পাখির মাংস দিয়ে পার্টির করার জন্য নাচনাপাড়া এলাকা থেকে রওয়ানা দেয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাদের গ্রেফতার করে।
তিনি বলেন, ঘুঘু ও বক পাখি হত্যার দায়ে তানজিলকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর সাইমুনকে ইয়াবা সেবন ও তার কাছে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়ার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বন্যপ্রানী সংরক্ষণ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন প্রয়োগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
tawhidit.top/