কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী আলোচিত রায়হান হত্যার বিচারের দাবীতে বিশাল এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো.মোস্তাফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া উপজেলা বি এন পি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মো.আবুল হোসেন, প্রভাষক তারেক আনাম সুমন, ব্যবসায়ী নেতা মো.বিল্লাল খান কাবুল, সংবাদ কর্মী তানজিল জামান জয়, নাজমুস সাকিব প্রমুখ।
এসময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে শিশু রাইয়ানের পরিবার এলাকাবাসী সহ কলাপাড়ার বিভিন্ন স্থানের ও নানা শ্রেণী পেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করে।
এর আগে গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে মো.রাসেল খান’র দশ মাসের শিশু রাইয়ান ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়। এর দু’দিন পর ১৭ অক্টোবর (শনিবার) বেলা ১১ টায় রাইয়ানের বাড়ির পাশের নাওভাংগা খালে ব্যাগে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এ ঘটনায় শিশুটির মা মোসা.রুমানা বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন বৃহস্পতিবার অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন পুলিশ আলামিন খান (৪৫) নামে মামলার প্রধান আসামী কে গ্রেপ্তার করেছে। আদালত আসামীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তা চলমান রয়েছে।
tawhidit.top/