নিত্যকন্ঠ অনলাইন ডেস্ক
আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে দুই নারী ও শিশুসহ অন্তত ১১ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ’ জন।
মঙ্গলবার (২১ মার্চ) রাতের এই ভূমিকম্প এক হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ২৮৫ মিলিয়ন মানুষ অনুভব করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত জুড়ে আঘাত আনা এই ভূমিকম্পে ইসলামাবাদ, পেশোয়ার ও লাহোরসহ অনেক জায়গা কেঁপে ওঠে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার কিছু বেশি। এরপর ৩ দশমিক ৭ মাত্রার একটি পরাঘাতেরও ঘটনা ঘটে।
আফগানিস্তানের রাজধানী কাবুল, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান থেকেও এ কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেপির তথ্যমতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী এবং শিশু রয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২’র মুখপাত্র বিলাল ফাইজি জানান, সোয়াত জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ আহত হয়েছে।
সোয়াত উপত্যকার হাসপাতালগুলোতে অন্তত ২৫০ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন সামান্য আহত হয়েছে। আরও দুই শতাধিক মানুষ জ্ঞান হারিয়েছিলেন। এই প্রদেশের অন্যান্য এলাকায় ৫২ ব্যক্তি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
খবর : আলজাজিরা।
tawhidit.top/