রাসেল মোল্লা, কলাপাড়া।।
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়ায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টিটু বিশ্বাস, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও সাধারণ সম্পাদক নান্নু মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রসঙ্গ তুলে ধরেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।