নয়নাভিরাম গাইন (নয়ন) পটুয়াখালী।।
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে গত চার দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । গত তিনদিনে কোন রোদের দেখা মেলেনি। একই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। টানা বৃষ্টি ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় দৈনন্দিন জীবিকা নির্বাহেও সমস্যায় পড়েছেন তাঁরা। অন্যদিকে, জমিতে আধাপাকা আমন ধান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে চিটা হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। একই সঙ্গে শীতকালীন সবজির খেতেও বৃষ্টির পানি জমে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলের কৃষি ও স্বাভাবিক জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অপরদিকে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে চলমান বৃষ্টিপাত আগামী ২৩ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে দেশে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসতে পারে। তারা আরো জানিয়েছে বরিশাল বিভাগে ২২ নভেম্বর দুপুরের পরে রোদের দেখা মিলতে পারে। রোদ উঠলেও পুরোপুরি বৃষ্টি বিদায় নেবে না।
পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর দূরবর্তী প্রভাবে আগামী ২২ তারিখ পর্যন্ত উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে দিনের থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। ফলশ্রুতিতে শীতের অনুভূতি বাড়তে পারে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় অঞ্চলের দিয়ে উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এখনো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।