সাইফুল ইসলাম, গোপালগঞ্জ সংবাদদাতা।।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িক বন্ধের মেসেজ পাঠানো শুরু হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারাদিন এ অবস্থা অব্যাহত ছিল। এতে অনেক গ্রাহকের অ্যাকাউন্টে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আটকে গেছে। ফলে টাকা উত্তোলন ও পাঠাতে না পেরে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হয়েছে অনেককে।
মোবাইল ব্যাংকিং বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সরকার এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন অনেকে। বুধবার রাত থেকে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ হতে থাকে। বৃহস্পতিবার দিনভর অনেক গ্রাহক এ সংক্রান্ত মেসেজ পান। সেখানে লেখা ছিল, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
ডিস্ট্রিবিউটর হাউস, এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জ জেলায় বিকাশের প্রায় ১ হাজার ৪০০ এবং নগদের ১ হাজার ৭৫০ জন এজেন্ট রয়েছেন। এসব এজেন্টের মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় প্রতিদিন অন্তত ২০ কোটি টাকার মোবাইল ব্যাংকিং লেনদেন হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ডিস্ট্রিবিউটর হাউস বন্ধ থাকে। বৃহস্পতিবার বিকাশের ডিস্ট্রিবিউটর হাউস থেকে এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি। তবে নগদের এজেন্টদের টাকা সরবরাহ করা হয়েছে। উপায় ও রকেটের গ্রাহক এ জেলায় তুলনামূলক কম।
বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের মুন্সী মার্কেটের তৃতীয় তলায় বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস খোলা পাওয়া যায়। সেখানে ক্যাশ কাউন্টারে লেনদেন করতে দেখা গেছে।
ওই ডিস্ট্রিবিউটর হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, বিকাশ, নগদ, উপায়, রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গোপালগঞ্জ জেলায় সরকারের পক্ষ থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। এজন্য ডিলার, এজেন্ট বা কোম্পানিকে দায়ী করা যায় না। এটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। তবে এতে অনেকের টাকা আটকে গেছে, লেনদেনে সমস্যা হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। একদিন ব্যবসা বন্ধ থাকলেও অনেক ক্ষতি হয়।
তিনি আরও বলেন, আন্দোলনকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। আন্দোলন ছোট হলে দ্রুত মোবাইল ব্যাংকিং সেবা চালু হতে পারে। আর আন্দোলন বড় হলে চালু হতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে আটকে থাকা টাকা গ্রাহকরা ফেরত পাবেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
এরপর শহরের পাবলিক হল মোড়ের জান মোহাম্মদ প্লাজার তৃতীয় তলায় বিকাশের ডিস্ট্রিবিউটর হাউসে গিয়ে দুটি দরজা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। বৃহস্পতিবার বিকাশের ডিস্ট্রিবিউটর হাউস থেকে এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি বলেও জানান তিনি।
রকেটের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা অফিসিয়াল কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ পেয়েছেন। সমস্যার কারণ জানতে রকেটের কাস্টমার কেয়ারে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজারের আলিয়া মাদ্রাসা মোড়, নতুন বাজার, ফলপট্টি ও মাছ বাজার এলাকার বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে গ্রাহকদের ভোগান্তির চিত্র দেখা গেছে। পরিবারের খরচ, জরুরি সেবা, পানি ও বিদ্যুৎ বিল, চিকিৎসা এবং কৃষিকাজের প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে।
জেলায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালিত হওয়ার কথা থাকায় হাটবাজার বন্ধ থাকার আশঙ্কায় সাপ্তাহিক ছুটির আগের দিন শহরে ক্রেতাদের সমাগমও বেশি দেখা গেছে। জরুরি কেনাকাটা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে অনেককে ধারদেনা করতে হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর বিশ্বাস বলেন, মাসের শেষ। এখন হাতে টাকা নেই। ডিসেম্বর মাসে বেতন পাব। বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ৫ হাজার টাকা ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার আগেই অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ধারদেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়েছে।
তিনি আরও বলেন, মোবাইল ব্যাংকিং এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি তাঁর মতো সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার দাবি জানাচ্ছেন।
শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মোল্লা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে মেসেজ দিয়ে তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোনো লেনদেন করতে পারছেন না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরের দুই দিন লকডাউন থাকলে কবে আবার লেনদেন করতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
শহরের পাওয়ার হাউস মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, বোরো মৌসুম শুরু হয়েছে। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন, বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এ অবস্থা দীর্ঘ হলে ধানের বীজ কিনতে বিলম্ব হতে পারে। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তামান্না পারভীন নামে এক নারী বলেন, তাঁর ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশ সেবা বন্ধ থাকায় ছেলেকে টাকা পাঠাতে পারছেন না। সাধারণ গ্রাহকদের এভাবে ভোগান্তিতে ফেলা উচিত নয়। জরুরি সেবা ও চিকিৎসার খরচ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মেটানো নিয়েও তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
বিকাশ অ্যাকাউন্টধারী শাকিল আহমেদ বলেন, তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে ৬৫ হাজার টাকা আটকে রয়েছে। এখন কাউকে পেমেন্ট দিতে পারছেন না, আবার টাকাও তুলতে পারছেন না। ফলে তাঁর কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। তিনি নতুন বাজার এলাকার ট্রাস্ট ব্যাংকের নিচে বিকাশ, নগদ ও রকেট এজেন্টের ব্যবসা করেন। তাঁর দাবি, এজেন্ট অ্যাকাউন্ট চালু থাকলেও ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। টাকা তুলতে এসে ৫০ থেকে ৫৫ জন গ্রাহক ফিরে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিকাশের একাধিক এজেন্ট বলেন, তাঁদের অ্যাকাউন্টেও লাখ লাখ টাকা আটকে রয়েছে। কবে বিকাশ সেবা চালু হবে, তা তাঁরা জানেন না। এতে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। নির্দিষ্ট অভিযোগ থাকা অ্যাকাউন্ট যাচাই করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের লেনদেন সচল রাখার দাবি জানান তাঁরা।
বিকাশ এজেন্ট তিন্নি স্টোরের স্বত্বাধিকারী তাজুল ইসলাম মোল্লা বলেন, তাঁর বিকাশ, নগদ, রকেট ও উপায়ের এজেন্ট ব্যবসা রয়েছে। প্রতিদিন তাঁর দোকানে অন্তত ১৫০ জন গ্রাহক লেনদেন করেন। এর মধ্যে সিংহভাগই বিকাশের গ্রাহক। নগদের গ্রাহক প্রায় ২০ শতাংশ। রকেট ও উপায়ের গ্রাহক প্রতিদিন এক-দুজনও পাওয়া যায় না।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ১০০ জন গ্রাহক এসেছেন। তাঁদের মধ্যে মাত্র ১০ জন লেনদেন করতে পেরেছেন। তাঁরাও অন্য জেলার বাসিন্দা। এদিন বিকাশ ডিলার টাকা সরবরাহ বন্ধ রাখায় ব্যবসা করতে পারেননি তিনি।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করা ঠিক হয়নি। এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে। সন্দেহজনক লেনদেনকারীদের অ্যাকাউন্ট বন্ধ করলে সমস্যা নেই। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের অ্যাকাউন্ট বন্ধ করায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকার প্রয়োজনে মোবাইল ব্যাংকিং সেবা চালু করার দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। ফলে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।