নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষ ‘পায়রা’য় আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী। মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলহাজ মো. মনিরুজ্জামান ও খামারি উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বক্তারা আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি করে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার এবং ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি, প্রাণিসম্পদ হাসপাতালের সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।