সঞ্জু বনিক সৌরভ,জেলা সংবাদদাতা, পঞ্চগড়।।
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের লক্ষীগড় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। ছাদের প্লাস্টার খসে পড়ছে, পিলারের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ও ভাঙন। এমন ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন পাঠদান করা হচ্ছে ১৩০ জন শিক্ষার্থীকে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে ভবনের বেহাল চিত্র দেখা যায়। ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়েছে। পিলারের একাধিক স্থানে ফাটল ও ভাঙন স্পষ্ট। পাশাপাশি বিদ্যালয়ের টিনের চালও নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটির এমন অবস্থা তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিদ্যালয় ভবন পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রেখে প্রয়োজনে বিকল্প স্থানে শ্রেণি কার্যক্রম চালুর ব্যবস্থাও করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, তিনি নিজেও বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ভবনটির মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। তবে বর্তমানে এ কাজের জন্য কোনো বরাদ্দ নেই। মেরামতের জন্য ইতোমধ্যে তালিকা পাঠানো হয়েছে এবং সেটি অনুমোদনের পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পিডিপি-৫ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের কাজও শুরু হবে বলে জানান।
একদিকে জরাজীর্ণ ভবন, অন্যদিকে শিশুদের নিয়মিত পাঠদান এমন পরিস্থিতিতে অভিভাবক ও এলাকাবাসীর উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাঁদের প্রত্যাশা, কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।