নিত্যকন্ঠ প্রতিবেদক।।
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বন বিভাগের সামাজিক বনায়নের গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুয়াকাটা এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধসংলগ্ন বন বিভাগের জমিতে অনুমোদন ছাড়াই এ রাস্তা নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত রিসোর্টে যাতায়াতের সুবিধা বাড়াতে সামাজিক বনায়নের গাছ কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে উপকূলীয় পরিবেশ ও বেড়িবাঁধের সুরক্ষা হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ৬৬ শতাংশ জমির ওপর ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি রিসোর্টে যাতায়াতের সুবিধার্থে বন বিভাগের অনুমতি ছাড়াই সামাজিক বনায়নের গাছ কেটে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের পাশে সামাজিক বনায়নের কাটা গাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, উপকূলকে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব গাছ কেটে ফেলায় ঝুঁকি বাড়বে।
স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, সেখানে কেবল একটি ব্যক্তিগত রিসোর্টের রাস্তার জন্য নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। এতে উপকূলীয় অঞ্চল ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।”
ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক ও পেশায় ব্যাংক কর্মকর্তা এনামুল রশীদ বলেন, “বেড়িবাঁধের পাশে গাছ থাকলে পর্যটকেরা ছায়ায় বিশ্রাম নিতে পারেন। পাশাপাশি এসব গাছ উপকূলকে জলোচ্ছ্বাস ও বন্যার ক্ষতি থেকে রক্ষা করে। এভাবে গাছ ধ্বংস করা হলে পর্যটন অঞ্চলও বিপদের মুখে পড়বে।”
অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব শফিকুল ইসলামের মালিকানাধীন আনন্দ লোক ইকো রিসোর্টটির বিরুদ্ধে বন বিভাগের জমি ব্যবহার করে গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে অনুমোদন ছাড়াই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।
অভিযোগের বিষয়ে রিসোর্টের মালিক ও রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব শফিকুল ইসলাম মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, “এটি তো খুব ছোট একটি রাস্তা। বন বিভাগের লোকদের এ বিষয়ে জানানো আছে। এখন গাছ মাটির নিচে পড়েছে কি না, সেটা আমার জানা নেই। আমি তো ঢাকায় আছি। এখন সেখানে কী হয়েছে, তা বলতে পারছি না।”
বন বিভাগ মহিপুরের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “আমাদের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে কাজ করতে বাধা দিয়েছেন। তাঁরা যেন সেখানে কোনো রাস্তা তৈরি করতে না পারেন, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যে পরিমাণ গাছ কাটা ও ক্ষয়ক্ষতি করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হবে।”
এ বিষয়ে পটুয়াখালীর উপবিভাগীয় সহকারী বন সংরক্ষক আবু কাউসার বলেন, “সরকারি বন উজাড় করে বিনা অনুমতিতে রাস্তা নির্মাণের প্রশ্নই আসে না। আমি এখানে নতুন এসেছি। মহিপুরের রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
এদিকে, প্রশাসনের নাকের ডগায় একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। উপকূলীয় পরিবেশ ও জনজীবন রক্ষায় অবিলম্বে রাস্তা নির্মাণ বন্ধ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
tawhidit.top/