Loading ...
  • Wed, 11 Nov 2026, 12:20 am
আবহাওয়া ব্যানার

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই: এসআরবির সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২

বুলবুল আহম্মেদ (বুলু)বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা।। / ২২
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত দলের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সহযোগী ও ভ্যানচালককে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে একপর্যায়ে তাদের রক্তাক্ত জখম করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর রাণীনগর থানা-পুলিশ ও নওগাঁ জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি শফিকুল ও শাকিল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নওগাঁর রাণীনগর, আত্রাই ও নাটোর সড়কে সংঘটিত বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/