নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া।।
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরের যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগমকে তাঁর আপন ঠিকানায় ফিরিয়ে দিতে সহযোগিতা করায় কলাপাড়া ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। শানু বেগমের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা থেকে শুরু করে তাঁকে নিজ এলাকায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ লক্ষ্যে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই শানু বেগমের আপন ঠিকানায় ফিরে যাওয়ার পথ সুগম হয়।
একইভাবে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ফোন পেয়ে তিনি সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শানু বেগমের পরিচয় ও পারিবারিক ঠিকানা নিশ্চিত করার উদ্যোগ নেন। পরবর্তী সময়ে তাঁকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং সেখানে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আন্তরিক সহযোগিতা করেন।
সর্বশেষ গতকাল শানু বেগম তাঁর আপন ঠিকানায় ফিরে গেছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাঁর প্রতিবেশী রোজিনা বেগম তাঁকে সঙ্গে নিয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ শানু বেগমের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে জরুরি খাদ্যসহায়তার ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁর বয়স্ক ভাতা চালু করা এবং বসবাসের ঘরটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন) কে মুঠোফোনে জানান, “ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে শানু বেগম তাঁর আপন ঠিকানায় ফিরে আসতে পেরেছেন। আমরা প্রাথমিকভাবে তাঁর জন্য খাদ্যসহায়তার ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে তাঁর অন্যান্য সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একজন অসহায় ও পথভোলা মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্বশীলতা ও সহযোগিতার কারণেই পুরো কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
সংগঠনটির বিশ্বাস, সরকারি প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পারস্পরিক সমন্বয় ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সমাজের অসহায়, বিপদগ্রস্ত ও ঠিকানাহীন মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। শানু বেগমের ঘরে ফেরার এই ঘটনা মানবিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এই মানবিক উদ্যোগে সহযোগিতাকারী সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা ও অফুরন্ত কৃতজ্ঞতা।
tawhidit.top/