কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় রাতভর বিভিন্ন সড়কে অগ্নিসংযোগ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির কর্মীরা। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা কয়েকটি যানবাহন ধীরগতিতে চলাচল করে। একই সময়ে মহাসড়কের টিয়াখালী এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বালানো, পোস্টার লাগানো ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার হাতে মশাল মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে পর্যটন নগরী কুয়াকাটার বাস টার্মিনালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসটির একাংশে আগুন ধরলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমাসদৃশ দুটি বোতল উদ্ধার করে।
একই রাতে আলীপুর থ্রি-পয়েন্ট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পেট্রোল ঢেলে বিক্ষোভ করেন দুর্বৃত্তরা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাস টার্মিনালের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। খবর পেয়ে নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান তিনি। তবে ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা শিমু এবং সাবেক ছাত্রলীগ নেতা খালিদের নেতৃত্বে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে। অন্যদিকে কুয়াকাটা ও আলীপুর এলাকায় নজরুল ফকিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তৎপরতা চালিয়েছেন বলে সূত্রটি জানায়। এছাড়া যুবলীগের ব্যানারে বিভিন্ন দেয়াল ও বাসাবাড়ির সামনে রঙিন ছবি সংবলিত পোস্টার সাঁটানো এবং দেয়াল লিখন কর্মসূচিও পালন করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. রাসেল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে রাত দেড়টার দিকে দ্রুত ঘটনাস্থলে যান। তবে ককটেলটি ফাঁকা স্থানে পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সন্ধ্যায় কলাপাড়ায় মোটরসাইকেল শোডাউন করে কলাপাড়া থানা পুলিশ।
এ বিষয়ে জানতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
tawhidit.top/