Loading ...
  • Wed, 11 Nov 2026, 12:46 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা

কলাপাড়া প্রতিনিধি। / ১৩০
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় সহজেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ। মাদকের প্রভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ ঝুঁকির মধ্যে পড়ছে। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নীলগঞ্জ আবাসন, সুলতানগঞ্জ, নীলগঞ্জ ফেরিঘাট, মাস্টারবাড়ি, ফরিদগঞ্জ, বাইনতলা ও কুমিরমারা এলাকায় মাদকের বিস্তার নিয়ে বেশি উদ্বেগ রয়েছে। এ ছাড়া টুঙ্গিবাড়িয়া, ফতেহপুর, মজিদপুর, হাজীপুর ও মস্তফাপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকসংক্রান্ত তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে।

অভিযোগ রয়েছে, মাদক সেবনের অর্থ সংগ্রহ করতে গিয়ে কিছু ব্যক্তি সাধারণ মানুষের বাড়ি থেকে ডাব, কলা, পেঁপেসহ বিভিন্ন ফলমূল ও গৃহস্থালির জিনিসপত্র চুরি করছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।

নীলগঞ্জের বাসিন্দা ও মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে মসজিদের ইমাম, মুয়াজ্জিন,স্কুল, কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, সহ সমাজের সচেতন মহলের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে প্রতরোধ গড়ে তুললেই শুধুমাত্র মাদক নির্মূল নয় নিয়ন্ত্রণ করা সম্ভব। কারন কোন দেশ একেবারে মাদক নির্মূল করতে পারেনি। পাশাপাশি প্রশাসনের নজরদারি ও তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। প্রথমে মাদকের বড় কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে  মাদকাসক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।

সচেতন মহলের মতে,শুধু মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। মাদকের সরবরাহকারী ও কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিয়মিত অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং তরুণদের খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।

ক্রীড়াবিদ ও সমাজ সংগঠক আবুতালেব ইভান মাতব্বর বলেন, নীলগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। শিশু-কিশোর ও বেকার যুবকদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদক থেকে তাদের দূরে রাখতে সহায়ক হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আবু তালেব বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সব সময় চলমান রয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। বিট পুলিশিং সভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় মাদকসংক্রান্ত তথ্য গোপনে থানায় দেওয়ার আহ্বান জানানো হয়। তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেও মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। নীলগঞ্জের উল্লেখিত এলাকাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/