কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর মহিপুরে বজ্রাঘাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫ টার দিকে আঃ মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন জেলের সঙ্গে মম্বিপাড়া এলাকার ৩৩ কানি মাছঘাটে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় ঘন ঘন বজ্রপাত। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে তার সঙ্গে থাকা জেলেরা দ্রুত উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/