Loading ...
  • Thu, 09 Jul 2026, 11:00 pm
আবহাওয়া ব্যানার

বুবি বেগম হত্যার প্রতিবাদে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ র‍্যালি ও মানববন্ধন

মিথুন শেখ, পাবনা, সাথিয়া সংবাদদাতা। / ৬
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

পাবনা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচিত মুখ, ৭০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ র‍্যালি ও মানববন্ধন করেছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে পাবনা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সচেতন নাগরিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে বুবি বেগম হত্যার বিচারের দাবিতে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, বুবি বেগম ছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অত্যন্ত পরিচিত একজন মানুষ। প্রায় ২৫ বছর আগে একটি ঝোলা হাতে নিয়ে তিনি স্টেশনটিতে এসে বসবাস শুরু করেন। এরপর আর কোথাও ফিরে যাননি। পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়ে নেন। বাকপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করতেন। স্থানীয়রা স্নেহভরে তাকে “বুবি” নামে ডাকতেন।

বক্তারা আরও বলেন, অসহায় ও নিরীহ এই বৃদ্ধার ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলা এবং পরবর্তীতে তার মৃত্যু মানবতা ও সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে বলেন, একজন অসহায়, বাকপ্রতিবন্ধী বৃদ্ধাও যদি নিরাপদ না থাকেন, তবে সমাজে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে বুবি বেগমের আত্মার শান্তি কামনা এবং তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/