কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবে মহিপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ, কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) রাত ৮টায় মহিপুর প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় মহিপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্যাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশের সঞ্চালনায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা মহিপুর, আলিপুর ও কুয়াকাটা অঞ্চলে মাদক নির্মূলে প্রশাসনের আরও জোরালো ও কার্যকর ভূমিকা কামনা করেন। পাশাপাশি উপকূলীয় বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “উপকূলীয় বনাঞ্চল আমাদের প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী। বন ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে। বন ধ্বংস ও বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।”
মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “সচেতনতা বৃদ্ধি ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমে পরিবেশ ও বন রক্ষা কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব। সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ করতে চাই।”
মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ বলেন, “মহিপুর-আলিপুর ও কুয়াকাটা এলাকার সবুজ বেষ্টনী বন ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের আরও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি। একই সঙ্গে মাদক, অবৈধ কর্মকাণ্ড ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও কাজ করবে।”
মহিপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্যাদা বলেন, “পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও আন্তরিক হওয়া প্রয়োজন। সমাজের অসঙ্গতি, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে একযোগে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবে।”
মহিপুর থানার নবাগত ওসি শামীম আহমেদ বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মহিপুর থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় আরও বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, অর্থ সম্পাদক এম পলাশ সরকার, নির্বাহী সদস্য মাহতাব হাওলাদার, সদস্য মাইনুদ্দিন আল আতিক, সহযোগী সদস্য কাওসার মনির ও রিপন মুসুল্লি।
সভা শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে এলাকার আইন-শৃঙ্খলা, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
tawhidit.top/