নিত্যকন্ঠ আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের প্রধান দুটি শহর কাবুল এবং মাজার-ই-শরিফে গর্ভনিরোধক বিক্রি বন্ধ করে দিয়েছে তালেবান যোদ্ধারা। ফার্মেসি মালিকদের দোকান থেকে জন্মনিয়ন্ত্রণ ওষুধ সরিয়ে ফেলতে নির্দেশ দিচ্ছে তারা। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের হুমকি দিচ্ছে বলছে, মুসলিম জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য এটি পশ্চিমা ষড়যন্ত্র।
এক দোকান মালিক বলেন, ‘তালেবান বন্দুক নিয়ে আমার দোকানে দুইবার এসেছিলো। আমাকে গর্ভনিরোধক ট্যাবলেট না রাখার জন্য হুমকি দিয়েছে। তারা নিয়মিত কাবুলের প্রতিটি ফার্মেসি পরীক্ষা করছে। আমরা এসব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছি। কাবুলের আরেক দোকানের মালিক বলেন, ‘এ মাসের শুরু থেকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট এবং ইনজেকশনের মতো আইটেমগুলো ফার্মেসিতে রাখার অনুমতি নেই। আমরা বিদ্যমান স্টক থেকে বিক্রি করতে খুব ভয় পাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক ধাত্রী বলেন, আমাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। একজন তালেবান কমান্ডার আমাকে বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের পশ্চিমা ধারণা প্রচার করার অনুমতি নেই। এটি অপ্রয়োজনীয় কাজ।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ করে দিয়েছে তালেবান, তরুণীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। নারীদের বের করে দেওয়া হয়েছে চাকরি থেকে। তাদের বাড়ির বাইরে যাওয়ার ওপর আরোপ হয়েছে নানা বিধিনিষেধ।
সূত্র:দ্য গার্ডিয়ান
tawhidit.top/