Loading ...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮ হাজার ২৬ জন

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।। / ৩৫
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে বিষয়টি প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি জানাজানি হলে তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

এজাহার অনুযায়ী, অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের কথা উল্লেখ করা হয়েছে।

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এ ছাড়া হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ