কলাপাড়া প্রতিনিধি।।
মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার।
সেপ্টেম্বর মাসের পেশাগত দক্ষতা ও সামগ্রিক কার্যক্রমের মূল্যায়নে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পটুয়াখালী পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. শামীম হাওলাদার বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাঁরা কাজ করে যাচ্ছেন। এ অর্জন মহিপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক ও অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।
তাঁর এ অর্জনে মহিপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলও এ সাফল্যকে স্বাগত জানিয়েছেন।