Loading ...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে সরবরাহ বন্ধের সতর্কতা

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।। / ২৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।।

রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন হামলার লক্ষ্যবস্তু করা না হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জন মানুষ তাঁর কার্যালয়ের কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় তাঁরা অফিসের একটি কাচ ভাঙচুর করেন এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেন। এরপর থেকে হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে কর্মীদের কাজ করতে হয়। ভবিষ্যতে তাঁদের গাড়ি কিংবা জনবলের ওপর হামলা হলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই গ্রাহকদের সচেতন করতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে, গোপালগঞ্জের সচেতন মহল মনে করছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো অবস্থাতেই এ গুরুত্বপূর্ণ সেবাখাতে হামলা বা ক্ষতিসাধন করা উচিত নয়।


এ ক্যাটাগরির আরো নিউজ