Loading ...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

গোপালগঞ্জে পাটগাতী ইউনিয়ন বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।। / ৫
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে তারা এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাদের অসন্তোষ তৈরি হয়েছে। এ কারণে তারা বিএনপির প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন পর্যায়ের দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার কথাও জানান তারা।
এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।


এ ক্যাটাগরির আরো নিউজ