কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ধারণ করা একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর মহিপুরে যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা যুবদল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মহিপুর থানা যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতা মো. গোলাম মোর্তুজা। তিনি ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. গোলাম মোর্তুজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, “সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে মহিপুর ও ধুলাসার এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।