মফিজুর রহমান মুবিন, ফরিদপুর সংবাদদাতা।।
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী ফরিদপুর সুগার মিলে আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার থেকে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হচ্ছে। এ লক্ষ্যে মিলের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলের বিভিন্ন সেক্টর, যন্ত্রপাতি ও উৎপাদন কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন করেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ জানান, গত বছর অতিবৃষ্টিতে আখের ব্যাপক ক্ষতি হলেও এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে ৭৭ হাজার ১৮৭ দশমিক ৮০৮ মেট্রিক টন আখ মাড়াই হয়েছিল। চলতি ২০২৫-২৬ মৌসুমে ৭৫ হাজার ৯০৩ দশমিক ০৭০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, মাড়াই শুরুর খবরে মধুখালীসহ মিল জোনের আখচাষিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চাষিরা জানান, এবার আখের ফলন ভালো হয়েছে। সময়মতো মাড়াই শুরু হলে আখ সরবরাহ করে ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন তারা।
মিল কর্তৃপক্ষ জানিয়েছে, যন্ত্রপাতি মেরামত, আখ সংগ্রহ ও পরিবহনসহ মাড়াই মৌসুমের সব প্রস্তুতি প্রায় শেষ।