নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন হাওলাদার ও ইউনিয়ন ভূমি তহশিলদার মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে তরমুজের চারা নষ্ট করার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি অধিগ্রহণকৃত জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে সংশ্লিষ্ট ভূমি অফিসের নির্দেশে লাল নিশান টানিয়ে সেখানে চাষাবাদ বন্ধ রাখা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু চাষি তরমুজ আবাদ শুরু করেন। এ নিয়ে ঘটনাস্থলে গেলে ভূমি তহশিলদারকে স্থানীয়রা লাঞ্ছিত করার চেষ্টা করেন। পরে বিএনপি নেতা আলমগীর হাওলাদারসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। ঘটনাটি আড়াল করতেই তাদের বিরুদ্ধে তরমুজের চারা নষ্টের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন বক্তারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে আলমগীর হাওলাদার বলেন, তিনি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে আমতলীর হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. লিমন হাওলাদার দাবি করেন, ঘটনাস্থলে গিয়ে তিনি তহশিলদার ও বিএনপি সভাপতিসহ কয়েকজনকে চাষিদের চারা নষ্ট করতে দেখেছেন। তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
ধানখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, সরকারি জমিতে চাষাবাদ বন্ধের নির্দেশনা অমান্য করায় তিনি ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তার সঙ্গে অসদাচরণ করেন। পরে বিএনপি সভাপতি তাকে উদ্ধার করেন। চারা নষ্টের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) আমতলীর হলুদিয়া ইউনিয়নে তরমুজের চারা নষ্টের অভিযোগে আলমগীর হাওলাদার ও ভূমি তহশিলদারের বিরুদ্ধে স্থানীয় চাষিরা অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
tawhidit.top/