Loading ...
  • Sat, 13 Jun 2026, 12:54 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় বালু উত্তোলনের দায়ে যুবকের বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধি। / ২৯
শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতের বালু অবৈধভাবে উত্তোলনের দায়ে মো. মহিবুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ জুন) দুপুরে কুয়াকাটা পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে দণ্ডিত করা হয়।

জানা গেছে, সকাল থেকে লেম্বুরবন সৈকত এলাকায় স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে বালু কেটে ট্রাকে পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাটি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে মহিবুল্লাহকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে সৈকত রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী ও পর্যটন সংশ্লিষ্টরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/