নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী ।।
পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমিনুল ইসলাম (৪১) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার এসআই (নিঃ) ফোরকান মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আমিনুল ইসলাম কলাপাড়া উপজেলার দাসের হাওলা গ্রামের আব্দুর রাজ্জাক ও ফিরোজা বেগমের ছেলে। তিনি চট্টগ্রামের একটি ধর্ষণ মামলার আসামি। ২০১৫ সালে গ্রেফতারের পর দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে ২০২২ সালে জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্ত ও গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রাখে কলাপাড়া থানা পুলিশ। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।